২ মার্চ ২০১৬ - ০০:৪৪
ইরাকে এবার জানাজার অনুষ্ঠানে দায়েশের হামলা, নিহত ৩৪

ইরাকের রাজধানীর বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে একটি জানাজার অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৩৪ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।

আবনা ডেস্ক: ইরাকের রাজধানীর বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে একটি জানাজার অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৩৪ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।
দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার দিয়ালা প্রদেশের বেরেশতে জেলার একটি মসজিদে জানাজার অনুষ্ঠানে আত্মঘাতীয় হামলা চালানো হয়। এ সময় হতাহতের ওই ঘটনা ঘটে।
দিয়ালার মুকদাদিয়া শহরের গভর্নর আদনান আল তামিমি জানান, বর্বরোচিত এ হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেছে। কারা এ হামলা চালিয়ে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও তিনি জানান।
এদিকে, হামলার কয়েক ঘণ্টা পর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে।
এর আগে, রোববার ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত সাদর সিটিতে একটি জনাকীর্ণ মার্কেটে দুটি বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত ও ১০০ ব্যক্তি আহত হয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।#